ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ধসে পড়া ভবনটি ৭৫ শয্যাবিশিষ্ট একটি পেইং গেস্ট (পিজি) হোস্টেল ছিল বলে জানা গেছে। ‘হোস্টেল ডেজ’ নামে পরিচিত এই ভবনটিতে মূলত পুরুষ শিক্ষার্থীরা থাকতেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর দেড়টার দিকে হঠাৎ পুরো ভবনটি ধসে পড়ে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঘটনার সময় অনেক শিক্ষার্থী ভবনের ভেতরে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় প্রায় ৫০ জন শিক্ষার্থী সেখানে অবস্থান করছিলেন।
ভবন ধসের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল ও অ্যাম্বুলেন্স। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি কাজ করছে।
উদ্ধারকারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে সহায়তা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কংক্রিটের স্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন।
এখন পর্যন্ত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনাস্থলের আশপাশের একটি ভবন ঝুঁকি এড়াতে খালি করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশও মোতায়েন করা হয়েছে।
সত্য নিকেতন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে হওয়ায় এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর বসবাস রয়েছে। দিল্লি প্রশাসন জানিয়েছে, আটকে পড়াদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে।