জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে ছয় দফা দাবিতে শুরু হওয়া আন্দোলন দাবি আদায় না হলে এক দফার আন্দোলনে রূপ নেবে। সেই এক দফা হবে সরকারের পদত্যাগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আল্লাহর ওপর ভরসা করে, জমিনে বুকের তাজা রক্ত দিয়ে এই ছয় দফা দাবির জন্য বাংলার প্রতিটি আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে। আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নেন। যদি দাবি না মানেন, এই ছয় দফা এক দফায় রূপান্তর হবে। সেটি হলো সরকারের পদত্যাগ।”
তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন, এত টাকা তেল খরচ করে কেন লংমার্চে যাওয়া হচ্ছে। “আমরা আজকে বলব, সরকারের গদি নড়ে গেছে। সরকার কি তেল পাচ্ছে? আপনারা সবাই মাঠে থাকবেন। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হবে,” বলেন তিনি।
বৃহত্তর কুমিল্লার মানুষের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, এ অঞ্চলের মানুষ আল্লাহর ওপর ভরসা করে এবং জীবনে কখনও মাথানত করে না। চাঁদাবাজদের কাছেও তারা কখনও মাথানত করবে না।
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।