মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা, একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির, আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের নাম জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পাশাপাশি ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।