রাজধানীর দারুসসালাম এলাকায় নিজ বাসায় স্ত্রীকে গুলি করার অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবদুল মান্নান ওরফে আবদুল হান্নান (৪৫), তাঁর ছেলে মো. রাকিব (২৫) এবং তাঁদের সহযোগী মো. হাতিম মিয়া (২১)।
রোববার র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার পর র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় রোববার ভোরে দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল মান্নানকে মাদক ব্যবসা ও অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তিনি পরিবার নিয়ে ওই এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। র্যাবের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা অস্ত্রটি ব্যবহার করে তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ করতেন।
র্যাব জানায়, আবদুল মান্নান প্রায়ই তাঁর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতেন। শনিবার সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি পিস্তল দিয়ে স্ত্রীকে লক্ষ্য করে গুলি করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর অস্ত্রটি সরিয়ে রাখতে ছেলে রাকিবের সহায়তা নেন আবদুল মান্নান। পরে অস্ত্রটি তাঁর বন্ধু হাতিম মিয়ার বাসায় রাখা হয় বলে জানিয়েছে র্যাব।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে তিনজনের অবস্থান শনাক্ত করার পর দারুসসালাম থানা-পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় র্যাব-৪। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয় এবং অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।