সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার কারণে গত তিন দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে মোট ৩ হাজার ১২ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
সোমবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।
এর আগে রোববার হুথিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।
বেবিচকের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বৃহস্পতিবারের হামলায় একজন পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন।
হুথিরা বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও লক্ষ্য করে হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে হুথিরা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার না করতে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল। এরপর রিয়াদ বিমানবন্দরকে কেন্দ্র করে হামলা ও ফ্লাইট স্থগিতের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব ফেলছে।
সূত্র: বেবিচক