বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও সহজ করতে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অতীত সহযোগিতার কথা তুলে ধরে ভবিষ্যতে এ খাতে আরও মার্কিন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা কামনা করেন।
দেশের জ্বালানি খাতেও মার্কিন বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে শেভরনের বিনিয়োগ ও ভূমিকার কথা উল্লেখ করে বাংলাদেশে জ্বালানি খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি।
তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তরের ওপর গুরুত্ব দেন।
রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান। জবাবে মার্কিন রাষ্ট্রদূত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং এ ক্ষেত্রে আসিয়ান দেশগুলোর ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। এসময় রাষ্ট্রপতি তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্য অংশীদার।
তিনি আরও বলেন, পারস্পরিক সম্মান, সমতা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের নীতিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই দেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি বলেন, চুক্তিটি বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও উভয় দেশের অর্থনৈতিক বাস্তবতা ও স্বার্থ বিবেচনায় এটিকে আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করার সুযোগ রয়েছে।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।