ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুল থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২১ সেপ্টেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ছাড়ে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বাসসকে এ তথ্য জানিয়েছেন।ফ্লাইটটির নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।ঘোষিত সফরসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। তিনি জাতিসংঘ মহাসচিবের আয়োজিত স্বাগত প্রাতঃরাশ, সাধারণ বিতর্কের উদ্বোধনী অনুষ্ঠান এবং মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় অংশ নেবেন।২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু অর্থায়ন, মা ও শিশুর স্বাস্থ্য এবং বিনিয়োগ সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।পাশাপাশি বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী