ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।’বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।শহরের কালিবাড়ী মোড়সংলগ্ন এলাকায় আয়োজিত সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি রাজপথের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে থেকে গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ ও বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথাও বলেন তিনি।সাম্প্রতিক সময়ে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা সফল হবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে এসব তৎপরতা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।বিচার প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি বলেন, ‘আপনাদের আইনের আওতায় এনে জনগণ বিচার করবে। বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এই মুহূর্তেই বিচারের আহ্বানে আপনারা আসবেন।’এর আগে দুপুরে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি কালিবাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

 ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী