গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক শেখ (২১) মারা গেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছিল। এ সময় একটি হামলার ঘটনা নিজের মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক।
তখন হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে আন্দোলনরত অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে তৌফিককে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
তৌফিকের চাচা বাচ্চু মিয়া জানান, প্রায় পাঁচ বছর ধরে গাজীপুরের বাংলাবাজার এলাকায় থাকতেন তৌফিক। বাবার মৃত্যুর পর পরিবারের অভাব দূর করতে তিনি পোশাক কারখানায় চাকরি শুরু করেন।
তৌফিকের স্কুলশিক্ষক প্রদীপ কুমারও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের অভাব ঘোচাতে কর্মজীবনে প্রবেশ করেছিলেন তৌফিক। মঙ্গলবার রাতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।
এদিকে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন তৌফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।