শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানী ঢাকা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সামরিক বিমানে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু। এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ বেসামরিক ও সামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের নির্ধারিত আনুষ্ঠানিকতা ও কুশল বিনিময় শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুসজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরে যাওয়ার সময় তারাগঞ্জ ও পাগলাপীরে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দুটি পৃথক পথসভায় তাঁর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে।
এর আগে একই দিন সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম—এই তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনের এক নজিরবিহীন ঐতিহাসিক সফরে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। রংপুরের মণ্ডপগুলো পরিদর্শন শেষে দুপুরে রাজশাহী এবং বিকেলে বন্দরনগরী চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তাঁর।