হঠাৎ জরুরি অর্থের প্রয়োজন হলে অন্যের কাছ থেকে ধার করার চাপ কমাতে নতুন একটি সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘জরুরি পেমেন্ট সেবা’ নামের এ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ সুবিধা পেতে পারেন।
তবে এ ঋণের অর্থ গ্রাহকের হাতে নগদ তুলে দেওয়া হবে না। বরং বিদ্যুৎ, গ্যাস, হাসপাতালের বিল, মোবাইল রিচার্জ কিংবা সন্তানের স্কুলের বেতনসহ নির্দিষ্ট কিছু জরুরি পেমেন্ট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে পরিশোধ করা যাবে।
এ ছাড়া ব্যাংক হিসাবে থাকা ডিপিএসের কিস্তি ও বীমার প্রিমিয়াম পরিশোধেও এ সুবিধা ব্যবহার করা যাবে।
প্রস্তাবিত ব্যবস্থায় ঋণের টাকা গ্রাহকের অ্যাকাউন্টে আলাদাভাবে জমা হবে না। নির্ধারিত কোনো বিল পরিশোধের সময় ব্যাংক সেই অর্থ পরিশোধের সুযোগ দেবে। ঋণের ওপর কোনো সুদ নেওয়া হবে না। তবে কত টাকা নেওয়া হচ্ছে এবং কত দিনের জন্য নেওয়া হচ্ছে, তার ওপর নির্ধারিত হারে মাশুল দিতে হবে।
ঋণের মেয়াদ ৭ দিন, ১৫ দিন কিংবা ৩০ দিন হতে পারে। ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে ৭ দিনের জন্য সর্বোচ্চ ৩ টাকা, ১৫ দিনের জন্য ৪ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা মাশুল নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭ দিনের জন্য সর্বোচ্চ ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য ১৩০ টাকা মাশুল দিতে হবে।
সিটি ব্যাংক পিএলসির ডিএমডি অরূপ হায়দারের মতে, জরুরি সময়ে স্বল্পমেয়াদি অর্থের প্রয়োজন মেটাতে এই ব্যবস্থা গ্রাহকদের জন্য সহায়ক হতে পারে। একই সঙ্গে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ বাড়লে দেশে ডিজিটাল লেনদেনের পরিমাণও বাড়বে।
তিনি বলেন, উদ্যোগটি পরিসরে ছোট হলেও ভবিষ্যতে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বড় সংখ্যক গ্রাহককে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার সুযোগ তৈরি হবে।
দেশে সিটিটাচ, সেলফিন, নেক্সাসপে ও সোনালী ব্যাংকের নিজস্ব অ্যাপসহ বিভিন্ন ব্যাংকিং অ্যাপ ব্যবহার করছেন গ্রাহকেরা। বর্তমানে দেশে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি।
তবে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করলেই যে সবাই এ ঋণ পাবেন, এমন নয়। গ্রাহকের যোগ্যতা যাচাই করে ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জরুরি সময়ে ছোট অঙ্কের প্রয়োজনীয় বিল দ্রুত পরিশোধের জন্য গ্রাহকদের সামনে নতুন একটি ডিজিটাল আর্থিক সুবিধা তৈরি হবে।