সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শিমান্তো স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএসএসডিডব্লিউয়ের প্রশিক্ষণ কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং সীমান্ত নিরাপত্তায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের কার্যকর প্রয়োগ সম্পর্কে তাকে অবহিত করেন।
অনুষ্ঠানে ড্রোন পরিচালনা ও ব্যবহার বিষয়ে বিজিবির প্রশিক্ষণ পরিকল্পনাও তুলে ধরা হয়।
পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষ ‘ড্রোন ম্যানুভার’ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ড্রোনের সহায়তায় বিজিবির টহল কার্যক্রম, চোরাচালানবিরোধী অভিযান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ শনাক্ত এবং অপরিচিত ড্রোন নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়।
এ ছাড়া সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং এন্টি-ড্রোন সিস্টেমের কার্যকর প্রয়োগও তুলে ধরা হয়।
মহড়ার শেষ পর্যায়ে বিজিবিতে যুক্ত হওয়া ম্যাভিক ড্রোনসহ বিভিন্ন ধরনের ড্রোনের সমন্বয়ে ‘ড্রোন ফ্লাই-পাস্ট’ প্রদর্শন করা হয়।
বিজিবি জানিয়েছে, নতুন এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান সীমান্ত নজরদারি, ড্রোন পরিচালনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ভূমিকা রাখবে।