নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরি, স্যানিটেশন এবং অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য মোট ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে দেওয়া হবে ৫০০ কোটি টাকা।
রোববার (২৭ সেপ্টেম্বর) পিকেএসএফ ভবনে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা তৈরির জন্য ৫ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন ও সেবা খাতের পাশাপাশি বিভিন্ন মূল্যশৃঙ্খলভিত্তিক কার্যক্রমে এই অর্থায়ন করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের দক্ষতা ও উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রত্যাশা করছে পিকেএসএফ।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ৫০০ কোটি টাকা অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামগ্রিক অর্থায়ন উদ্যোগে স্যানিটেশন ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়তার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।