দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫২ জনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। এছাড়া সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে নতুন করে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭৪ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ৬৬৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী ভর্তি হয়েছেন।