ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশেও জমে উঠেছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন দলটির ভক্তরা।
মঙ্গলবার বিকালে শাহবাগ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি সায়েন্সল্যাব মোড় হয়ে রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে আকাশি-সাদা পতাকা, জার্সি, বেলুন এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার জাতীয় পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা।
বিশ্বকাপের আবহে আয়োজিত এই শোভাযাত্রায় গান, স্লোগান ও নাচে-গানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে প্রবীণ সমর্থকরাও এতে অংশ নেন। আর্জেন্টিনার জার্সি ও পতাকায় সাজানো সমর্থকদের উপস্থিতিতে রাজধানীর সড়কে তৈরি হয় ভিন্নধর্মী এক আমেজ।
বাংলাদেশে থাকা আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত-সমর্থকদের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা রয়েছে। আজকের এই আয়োজন সেই ভালোবাসারই প্রকাশ।
তিনি আরও বলেন, ফুটবল প্রতিদ্বন্দ্বিতার খেলা হলেও এর মূল বার্তা আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতি। তাই সবাইকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বকাপ উপভোগ করার আহ্বান জানান তিনি।
আর্জেন্টিনা ফুটবল দলকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ নতুন নয়। বিশ্বকাপ এলে সেই ভালোবাসা আরও দৃশ্যমান হয়ে ওঠে। রাজধানীর এই আকাশি-সাদা শোভাযাত্রা ছিল সেই আবেগেরই আরেকটি রঙিন প্রকাশ।