‘চাকরির জন্য কাউকে টাকা দেবেন না’: ফজলুর রহমান
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সংশ্লিষ্ট জায়গায় ফোন করে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার কথাও জানিয়েছেন তিনি। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফজলুর রহমান বলেন, ‘কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাশ করছে কিন্তু ভাইভায় এলাউ হতে পারে নাই, চাকরি পায়নি। রিটেনে পাশ করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার, সেখানে ফোন করে দেব, যাতে ছেলেটা চাকরি পায়।’চাকরির জন্য কোনো ধরনের অর্থ লেনদেন না করারও আহ্বান জানান তিনি। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কাউকে টাকা না দিতে স্থানীয়দের সতর্ক করেন ফজলুর রহমান। তার বক্তব্য অনুযায়ী, চাকরির তদবিরে কেউ টাকা দিয়েছেন বা নিয়েছেন বলে জানতে পারলে তিনি তা মেনে নেবেন না।জনসভায় দরিদ্র ও অসচ্ছল মানুষের চিকিৎসায় সহযোগিতার কথাও বলেন কিশোরগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য। অর্থের অভাবে কোনো পরিবারের সদস্য চিকিৎসা করাতে না পারলে তাকে জানানোর আহ্বান জানান তিনি। প্রয়োজনে কিশোরগঞ্জ বা ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি এবং কম খরচে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।স্থানীয় জনপ্রতিনিধিদের অসচ্ছল মানুষের খোঁজ রাখার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, কোনো পরিবারের সন্তান যেন না খেয়ে ঘুমাতে না যায়, সেদিকে নজর রাখতে হবে। স্থানীয়ভাবে সহযোগিতা করা সম্ভব না হলে তাকে জানাতে বলেন তিনি।জনসভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।