ধর্ষণ মামলায় আদালতে যাচ্ছেন মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি
২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কো জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও পিএসজি তারকা আশরাফ হাকিমি। ফ্রান্সের ভার্সাইয়ের একটি আপিল আদালত তার করা আপিল আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে। এর ফলে তার বিরুদ্ধে ফৌজদারি বিচারপ্রক্রিয়া শুরুর পথ আরও স্পষ্ট হলো।শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন এই মরক্কান ডিফেন্ডার। অভিযোগের বিষয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রকাশের আশা ব্যক্ত করেছেন।ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের মার্চে প্যারিসের এক শহরতলীতে হাকিমির বাসভবনে ২৪ বছর বয়সি এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। পরবর্তীতে নান্টেরে প্রসিকিউটরের কার্যালয় প্রাথমিক তদন্ত শুরু করে এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।[TECHTARANGA-POST:188]আপিল আদালতের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক আবেগঘন বার্তা দেন হাকিমি। সেখানে তিনি বলেন, তার পরিবার ও ব্যক্তিগত জীবনকে ঘিরে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং তিনি নিজেকে সহজ লক্ষ্যবস্তু হিসেবে মনে করছেন। একইসঙ্গে তিনি বিচারপ্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, শুরু থেকেই তিনি নিজের বক্তব্য আদালতে উপস্থাপনের অপেক্ষায় ছিলেন।বর্তমানে ২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কো জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন হাকিমি। ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির মধ্যেই এই আইনি অগ্রগতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।এদিকে, মামলার বিচার কবে শুরু হবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। আদালত বা হাকিমির আইনজীবীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা