মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ সবার দেশ এবং এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আজ মঙ্গলবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুই পাশে সমবেত হাজারো জনতার উদ্দেশে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করে সকাল ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সকালে সৈয়দপুর যাত্রার আগে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। আজ নবমীতে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন এবং রাতে ঢাকায় ফিরবেন।