অতীতের ফ্যাসিবাদী শক্তি সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ মনে করত, তবে সেই ধারণা ও মিথ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর র্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের মানুষের ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ওপর দেওয়া হয়েছে। রাষ্ট্র সেই দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। সব ধর্মের মানুষের উপাসনালয়, ধর্মীয় অনুষ্ঠান পালন এবং নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু সংবিধানে লিখে রাখাই নয়, বাস্তবেও ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে।
তিনি বলেন, একজন মানুষের ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে নাগরিক পরিচয়ই হবে প্রধান। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা নৃগোষ্ঠীর মানুষ সবাই সমান অধিকার নিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের মূল পরিচয় হবে বাংলাদেশি। ধর্মীয়, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক পরিচয় থাকবে, তবে সবার আগে থাকবে বাংলাদেশের নাগরিক পরিচয়।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কেউ যেন নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন। সবাই সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শান্তি ও সহাবস্থান বজায় রাখতে হবে। এটাই হবে বাংলাদেশের মানুষের ঐক্যের ভিত্তি।