ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।বিষয়টি মীমাংসার উদ্যোগে শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইমামনগর গ্রামে সালিশে বসার প্রস্তুতি নেন।তবে সালিশ শুরু হওয়ার আগেই গ্রামের সামনের একটি মাঠে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দা, বল্লম ও টেটা ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য তিনি ইমামনগর গ্রামে সালিশে যান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসার প্রস্তুতি চলার সময়ই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান চেয়ারম্যান।এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম।তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০