ট্রাম্পের মুখে ‘দানব’ শুনে সুন্দর পিচাইয়ের পাল্টা মন্তব্য
হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাবার শেষে সাংবাদিকদের সামনে কথা বলার সময় গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে নিয়ে হঠাৎ মজার মন্তব্য করেন তিনি।ট্রাম্প একপর্যায়ে সুন্দর পিচাইকে ‘দানব’ বলে অভিহিত করেন। তবে একই সঙ্গে তাঁর সফল ও ঝামেলাহীন জীবনের প্রশংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন মন্তব্যে উপস্থিত ব্যক্তিদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। ভিডিওতে সুন্দর পিচাইকেও হাসিমুখে ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে দেখা যায়।ঘটনাটি ঘটে যখন ট্রাম্প সুন্দর পিচাইকে কিছু বলার জন্য আহ্বান জানান। তবে পিচাই কথা বলার আগেই ট্রাম্প তাঁকে নিয়ে মন্তব্য করতে শুরু করেন।ট্রাম্প বলেন, ‘এই লোকটা একটা দানব, আর কেউ তাকে সেভাবে চেনেই না। কী দারুণ একটা জীবন! দানব হয়েও তাকে কোনো ঝামেলা পোহাতে হয় না। আপনার শুধু এটুকুই জানা দরকার—সুন্দর! সুন্দর হলো তার নাম...।’ট্রাম্পের এমন রসিক মন্তব্যের জবাবে সুন্দর পিচাই মুচকি হেসে বলেন, ‘আশা করি এটি আমার সম্পর্কে বলা অন্য যেকোনো কথার চেয়ে বেশ ভালো একটা ট্যাগলাইন হবে।’অনুষ্ঠানের হাস্যরসের বাইরেও প্রযুক্তি দুনিয়ার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ট্রাম্পের সঙ্গে গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা, মেটার মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক এবং এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তারা একটি চুক্তিতে সই করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।‘দ্য হোয়াইট হাউস অ্যাকর্ড অন সুপার ইন্টেলিজেন্স’ নামের ওই চুক্তির লক্ষ্য হলো উন্নত প্রযুক্তি যেন নিরাপদভাবে মানুষের উপকারে ব্যবহার করা যায় এবং এর মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি কমানো যায়।অনুষ্ঠানে সুন্দর পিচাই জানান, গুগল গত দুই বছরে তাদের এআই প্রযুক্তির পেছনে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতেও এই বিনিয়োগ অব্যাহত রাখবে। মানুষের জীবন সহজ করা এবং প্রযুক্তির ওপর সাধারণ মানুষের আস্থা ধরে রাখাকে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় প্রযুক্তি কোম্পানিগুলো নির্দিষ্ট নিয়ম ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে এআই মডেল তৈরির বিষয়ে সম্মত হয়েছে।হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে এআই প্রযুক্তির ভবিষ্যৎ, নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়। একই অনুষ্ঠানে সুন্দর পিচাইকে নিয়ে ট্রাম্পের আকস্মিক মন্তব্যও আলোচনার জন্ম দেয়।