সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার ১ নম্বর আসামি শাহরিয়ার। তাঁর বিরুদ্ধে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও প্রকাশ করেন সালমান।ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশ, আসবাব ও সরঞ্জাম ভাঙচুরের চিত্র দেখা যায়। ঘটনার পর সালমান চাঁদাবাজির অভিযোগও তোলেন। তাঁর বক্তব্য ও প্রকাশিত ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।তবে ঘটনার কারণ নিয়ে পুলিশের প্রাথমিক বক্তব্য ছিল ভিন্ন। পুলিশ জানিয়েছিল, চাঁদা দাবির তথ্য তখন পর্যন্ত তাদের কাছে ছিল না। জমির দখল নিয়ে বিবদমান পক্ষগুলোর বিরোধ থেকে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল। প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণের কথা জানানো হয়।এর আগে এই ঘটনায় তিনজনকে আটকের তথ্য জানিয়েছিল পুলিশ। তাঁদের নাম মামুন, আসলাম ও মুন্না। এবার মামলার ১ নম্বর আসামি শাহরিয়ারকে গ্রেপ্তারের তথ্য সামনে এলো।