সিজেপির কর্মসূচির সমর্থনে যাওয়ার পথে তুষার গান্ধীকে আ'টক করল পুলিশ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির সমর্থনে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও ‘হাম ভারত কে লোগ’-এর সভাপতি তুষার গান্ধীকে আটক করেছে মুম্বাই পুলিশ। একই সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও সংগঠনের সহ-সভাপতিকেও বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, তুষার গান্ধীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকা থেকে তুলে নিয়ে ডিএন নগর থানায় রাখা হয়েছে। এছাড়া সংগঠনের সহ-সভাপতিকে আন্ধেরি এলাকা থেকে আটক করে এমআইডিসি থানায় নেওয়া হয়। তবে মুম্বাই পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে দাবি করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের কেবল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।এদিকে আটকের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেছেন তুষার গান্ধী। এক বার্তায় তিনি দাবি করেন, পুলিশ তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যাচ্ছে। এর আগে শুক্রবার তিনি এক্সে পোস্টার প্রকাশ করে মুম্বাইয়ের সর্বস্তরের নাগরিকদের শনিবার বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন। যন্তর মন্তরে সিজেপির নির্বাচন কমিশনবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতেই এ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল।তবে মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ আয়োজনের জন্য আয়োজকদের পক্ষ থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি এবং প্রশাসনও কোনো অনুমতি প্রদান করেনি। অনুমোদনহীন জমায়েতের মাধ্যমে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্যই আগাম সতর্কতামূলক এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সূত্র: এনডিটিভি