বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণ, ইমামের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমের এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় মসজিদের ইমাম মো. রুবেল মিয়া (৩০) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) নান্দাইল মডেল থানায় অভিযুক্ত ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম।এ ঘটনায় আজ শুক্রবার সকালে ভুক্তভোগী প্রতিবন্ধী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ইমাম মো. রুবেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। ইমাম রুবেল মিয়া উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের পুত্র। তিনি স্থানীয় চৈতনখালী একটি মসজিদে ইমামতি করেন।ছবি: বাংলা লিডমাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত ইমাম বৃদ্ধাশ্রমের নারী-পুরুষদের প্রায়ই সেবা করতে আসতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। এক পর্যায়ে বৃদ্ধাশ্রমে থাকা প্রতিবন্ধী নারীকে একটি রুমে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় নারী চিৎকার শুরু করলে বৃদ্ধাশ্রমে থাকা অন্যরা এসে ইমামকে আটক করেন এবং লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত ইমাম রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী জানান,এই ইমাম আগেও একাধিকবার তার সাথে এমন করেছে।স্থানীয়দের আটকের পর অভিযুক্ত ইমাম জানান- তিনি বৃদ্ধাশ্রমে নারী পুরুষদের সেবার জন্য প্রায়ই আসতেন। তবে তিনি ধর্ষণ করেননি। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, প্রথমে ধর্ষণচেষ্টা মনে হলেও ভুক্তভোগী নারী জানিয়েছে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।