টাইমস স্কয়ারে বিশ্বকাপ উত্তাপ, আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) দিবাগত রাতে বিশ্বের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে কিল-ঘুষি ও লাথি-ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিশ্বকাপ উপলক্ষে হাজারো ফুটবলপ্রেমী টাইমস স্কয়ারে জড়ো হলে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সাধারণ পর্যটক ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেকেই ঘটনাস্থল ত্যাগ করতে থাকেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দুই দেশের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি চলছে। একইসঙ্গে আশপাশে থাকা সাধারণ মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা সমর্থকরা গ্রুপ ‘জে’-এর ম্যাচ সামনে রেখে টাইমস স্কয়ারে ‘বান্দেরাজো’ কর্মসূচির জন্য জড়ো হন। একই সময়ে আলজেরিয়ার সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মৌখিক বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই শারীরিক সংঘর্ষে রূপ নেয়।ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য পারিসিয়ান’ ও ‘ইনফোবাই’-এর বরাতে জানা যায়, অশ্লীল স্লোগান ও পারস্পরিক উসকানির মাধ্যমে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি শেষ পর্যন্ত উন্মুক্ত মারামারিতে পরিণত হয়। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি নিউইয়র্ক পুলিশ।স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ ঘটনাটিকে ‘উন্মুক্ত যুদ্ধক্ষেত্র’ হিসেবে আখ্যায়িত করে এটিকে বিশ্বকাপের অন্যতম অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছে।[TECHTARANGA-POST:139]বিশ্বকাপ শুরুর আগে টাইমস স্কয়ার সাধারণত বিভিন্ন দেশের সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়। তবে পর্যাপ্ত আলাদা ফ্যান জোন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার অভাবে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বিশ্লেষকদের ধারণা।আর্জেন্টিনা ও আলজেরিয়ার আজকের বহুল প্রতীক্ষিত ম্যাচটি কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঘটনার পর ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র: নিউইয়র্ক স্পোর্টস ডে