ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের অর্থ-সম্পদ ও অন্যান্য আইনি অধিকার রক্ষায় বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। এসব আদালতে প্রবাসীদের সম্পত্তি, অর্থ এবং বিভিন্ন আইনি বিরোধসংক্রান্ত মামলা পরিচালনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে অনেক ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় তাদের শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এর পেছনে অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও জানান মন্ত্রী।প্রবাসীদের দেশে থাকা অর্থ-সম্পদ নিয়ে বিরোধ এবং অন্যান্য আইনি জটিলতার কারণে অনেককে দীর্ঘদিন মামলা চালাতে হয়। বিদেশে অবস্থান করেও এসব মামলার পেছনে অর্থ ও সময় ব্যয় করতে হয় তাদের। এই দুর্ভোগ কমাতেই প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী।পরিকল্পনা অনুযায়ী, বিভাগীয় সদর দপ্তরগুলোতে এ ধরনের বিশেষায়িত আদালত গঠনের চিন্তা করা হচ্ছে। এসব আদালতে প্রবাসীদের বিভিন্ন ধরনের মামলা ও আইনি সংকটের বিষয় দ্রুত নিষ্পত্তির সুযোগ থাকবে। আদালত গঠনের প্রস্তাব বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি।আইনমন্ত্রী আরও জানান, প্রবাসীদের জন্য এ ধরনের বিশেষ আদালত চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের লক্ষ্য রয়েছে সরকারের। 

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী