ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ফেনী জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবারের এ সফরে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।সফর উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা।ফেনীতে পৌঁছে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।এরপর বেলা সোয়া ১টার দিকে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টার দিকে কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।এরপর বেলা ২টার দিকে প্রধানমন্ত্রী ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন। সেখানে ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫টার দিকে সড়কপথে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।