সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে এসআরবি-এনবিআরের অভিযান
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ওই ক্লাবে যৌথভাবে অভিযান শুরু হয়।জানা গেছে, তেজগাঁওয়ের ফুয়াং ক্লাব ও বারটি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের। দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালেও ক্লাবটিতে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।তবে শনিবার নতুন করে ক্লাবটিতে শুরু হওয়া অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। অভিযানে কী পাওয়া গেছে বা কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে। ‘অননুমোদিত’ গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের দুটি বৈধসহ মোট চারটি গুদাম সিলগালা করা হয়।ফুয়াং ক্লাবে শনিবারের অভিযান এবং এর আগে দক্ষিণ গুলশানের গুদামে অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।