সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪০) নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত মূল আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মদন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণসংলগ্ন মদন-কেন্দুয়া সড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্থানীয় সংবাদকর্মীরা কালো ব্যাজ ধারণ করে অংশ নেন।মানববন্ধনে সভাপতির বক্তব্যে নূরুল হক রনু তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা জানতে পেরেছি, নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির আগেই পুলিশ প্রশাসনকে অবহিত করে জীবনের নিরাপত্তা চেয়েছিলেন এবং তাঁকে গুলি করে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পুলিশ প্রশাসন সে সময় কার্যকর কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেনি। ইতোমধ্যে অপূর্ব নামে এক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা বর্তমান সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি—আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত বাকি সব আসামিকে আইনের আওতায় আনতে হবে এবং ১৫ দিনের মধ্যে দ্রুত বিচারিক কার্যক্রম নিশ্চিত করতে হবে।"রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, খোলা কাগজের প্রতিনিধি ও সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর পনির, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও অর্থ সম্পাদক নূর মুহাম্মদ জরিপ এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও ক্লাবের সম্মানিত সদস্য জাকির হোসেন চৌধুরী প্রমুখ।বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মফস্বল সাংবাদিকদের বারবার এমন নৃশংস হামলার শিকার হতে হচ্ছে। সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।