যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য চুক্তির প্রভাবে তেলের দাম কমে ৮০ ডলারের নিচে
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন ইরানি তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে পারে—এমন খবরের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে এসেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে গেছে বলে জানিয়েছে রয়টার্স।বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে।গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়, যার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়। বিশেষ করে হরমুজ প্রণালির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগে তেলের দাম দ্রুত বাড়তে থাকে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে পুনরায় তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাজারে চাপ কমিয়েছে। তবে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে বৈশ্বিক তেলের মজুত এখনও তুলনামূলকভাবে সীমিত রয়েছে।[TECHTARANGA-POST:174]ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ লুকা বেলোব্রাজিক বলেন, ইরানের তেল রপ্তানি বিশ্ব চাহিদার প্রায় ২ শতাংশ পূরণ করতে পারে, যা বাজারে প্রভাব ফেলবে। তবে তিনি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা শিথিল হওয়া বা চুক্তির বাস্তবায়ন সম্পূর্ণভাবে রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভরশীল।
আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা থাকলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: রয়টার্স