ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ মেরিটাইম এজেন্সি জানিয়েছে, এসব হামলায় কোনো হতাহত বা পরিবেশের ক্ষতি হয়নি।বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করত। তবে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকেই গুরুত্বপূর্ণ এই জলপথটি সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তেহরান এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল আটকে দিচ্ছে এবং অনুমতি ছাড়া যাতায়াতকারী জাহাজ লক্ষ্য করে গুলি চালাচ্ছে। অন্যদিকে, ইরানের তেল রপ্তানি বন্ধ করতে ওয়াশিংটনও দেশটির বন্দরগুলোতে পাল্টা অবরোধ দিয়ে রেখেছে।ব্রিটিশ মেরিটাইম এজেন্সির তথ্য অনুযায়ী, প্রথম হামলায় একটি তেলবাহী জাহাজে সামান্য আগুন ধরে যায় এবং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের কোনো ক্ষতি না হওয়ায় পরে জাহাজটি আবার নিজের গন্তব্যের দিকে রওনা দেয়।এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বে আরেকটি তেলবাহী জাহাজও একই ধরনের অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে। দ্বিতীয় হামলাতেও পরিবেশের কোনো ক্ষতি হয়নি।হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথে সাম্প্রতিক হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা