ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

পর্তুগালকে রুখে বিশ্বকাপে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো

হিউস্টনে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী পর্তুগালকে ১-১ গোলে আটকে দিয়ে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপের মঞ্চে এটিই আফ্রিকার দেশটির প্রথম গোল এবং প্রথম পয়েন্ট অর্জনের ঘটনা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। এর ফলও পেয়ে যায় দ্রুত। ষষ্ঠ মিনিটে পেদ্রো নেটোর বাড়ানো বল থেকে জোয়াও নেভেস গোল করে দলকে এগিয়ে দেন। জাতীয় দলের জার্সিতে এটি ছিল এই মিডফিল্ডারের চতুর্থ গোল।প্রথম দিকে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল ডিআর কঙ্গো। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা ম্যাচে ফিরে আসে। প্রথমার্ধের যোগ করা সময়ে ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর উড়ন্ত ক্রসে দারুণ এক হেডে জাল খুঁজে নেন ইওয়ান উইসা। তার গোলে সমতায় ফিরেই বিরতিতে যায় আফ্রিকান দলটি।বিরতির পর জয়ের লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পর্তুগাল। ৫৫তম মিনিটে জোয়াও ক্যানসেলো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি ইউরোপের দলটি।ম্যাচে সবচেয়ে বেশি নজর ছিল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। তবে কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো গোল ও পয়েন্টের দেখা পেল ডিআর কঙ্গো। অন্যদিকে জয় হাতছাড়া করে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পর্তুগালকে।

পর্তুগালকে রুখে বিশ্বকাপে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো