ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

শেখ হাসিনার নামে কী কী আছে, ধানমন্ডি ৩২ নম্বর কি তাঁর নামে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এসব সম্পদ কীভাবে বাজেয়াপ্ত করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কীভাবে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে, সেই আইনি প্রক্রিয়া নির্ধারণে কাজ চলছে।সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আইন ও বিধিতে সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ রয়েছে। তবে বাস্তবে কী প্রক্রিয়ায় তা কার্যকর হবে, সেটি সাধারণ আইনের মাধ্যমে নির্ধারণ করা হবে।তিনি বলেন, এ বিষয়ে ট্রাইব্যুনালে একটি স্পষ্ট নির্দেশনা দেওয়ার বিষয়টি তিনি বিচারকদের সামনে তুলে ধরেছেন। প্রক্রিয়াটি চূড়ান্ত হলে এর ‘রেট্রোস্পেকটিভ ইফেক্ট’ থাকবে। অর্থাৎ আগে দেওয়া রায়ের ভিত্তিতেও সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।শেখ হাসিনার নামে থাকা সম্পদ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় শেখ হাসিনা নিজের নামে প্রায় ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দিয়েছিলেন।হলফনামা অনুযায়ী, তাঁর হাতে নগদ ছিল প্রায় ২৮ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা। এ ছাড়া ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৫৫ লাখ টাকার এফডিআরের তথ্যও উল্লেখ করা হয়।তাঁর নামে তিনটি গাড়ির তথ্য ছিল। এর মধ্যে একটি উপহার হিসেবে পাওয়া। অন্য দুটি গাড়ির মূল্য দেখানো হয়েছিল প্রায় ৪৭ লাখ টাকা। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর মূল্য দেখানো হয় ১৩ লাখ ২৫ হাজার টাকা এবং আসবাবের মূল্য ৭ লাখ ৪০ হাজার টাকা।শেখ হাসিনার নামে বিভিন্ন এলাকায় প্রায় ১৫ দশমিক ৩ বিঘা কৃষিজমির তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়। এসব জমি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুর এলাকায় রয়েছে।গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের একটি বাগানবাড়ির জমি রয়েছে। স্থানীয় ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ২৯৭ শতক জমির মালিকানা উত্তরাধিকারসূত্রে শেখ হাসিনা ও শেখ রেহানার কাছে আসে। পরে জমির কিছু অংশ তাঁদের সন্তানদের নামে হস্তান্তর করা হয়।এ ছাড়া ঢাকার পূর্বাচলে শেখ হাসিনার নামে একটি প্লট রয়েছে, যার ঘোষিত মূল্য প্রায় ৩৪ লাখ ৭৬ হাজার টাকা। একই এলাকায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ, শেখ রেহানা ও তাঁর দুই সন্তানের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দের তথ্য রয়েছে। এসব বরাদ্দ নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের মামলা চলছে।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনতলা ভবনসহ ৬ দশমিক ১০ শতক জমিও নিজের নামে দেখিয়েছিলেন শেখ হাসিনা।ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি কার?শেখ হাসিনার নামে থাকা সম্পদের তালিকায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি নেই। ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ওই বাড়ির মালিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে রয়েছে।অন্যদিকে ধানমন্ডির সুধা সদনের মালিকানা শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ ও সায়মা ওয়াজেদের নামে বলে জানা গেছে।২০২৫ সালের ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই রায়ে তাঁদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।রায়ে জুলাইয়ের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। পরবর্তী কয়েকটি মামলার রায়েও অভিযুক্ত ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

শেখ হাসিনার নামে কী কী আছে, ধানমন্ডি ৩২ নম্বর কি তাঁর নামে