ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

ভারতের কাছে তিন গোলের হার, ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে হতাশাজনকভাবে শেষ হয়েছে বাংলাদেশের অভিযান। শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের যুব দল।গত এপ্রিলে মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই প্রতিপক্ষের বিপক্ষেই বড় ব্যবধানে হারতে হলো তাদের।বাছাইপর্বের প্রথম দুই ম্যাচেই পরাজয়ের কারণে আগেই চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটাই নিয়মরক্ষার। তবে জয় দিয়ে অভিযান শেষ করার লক্ষ্য ছিল দলের ভারপ্রাপ্ত কোচ আতিকুর রহমানের। শেষ পর্যন্ত সেটিও সম্ভব হয়নি।এর আগে মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বাফুফে। সহকারী হিসেবে দলের সঙ্গে থাকলেও তাঁর উপস্থিতির কারণে প্রথম দুই ম্যাচে ডাগআউটে দায়িত্ব পালন করতে পারেননি আতিকুর। শেষ ম্যাচে পূর্ণ দায়িত্ব পেলেও দলকে ঘুরে দাঁড় করাতে পারেননি তিনি।ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় ভারত। বক্সে আসা একটি বল বাংলাদেশের ডিফেন্ডাররা ঠিকমতো পরিষ্কার করতে না পারায় সুযোগ পেয়ে যান ড্যানি মেইতেই লাইশরাম। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে তিনি বল জালে পাঠান।দ্বিতীয়ার্ধে ভারতের ব্যবধান আরও বাড়ে। ৬০ মিনিটে থ্রো-ইন থেকে তৈরি হওয়া আক্রমণে বাংলাদেশের বক্সে বল পেয়ে ব্যাকভলি শটে গোল করেন বিশাল যাদব। এই গোলেও বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।দুই গোল পিছিয়ে পড়ার পর বাংলাদেশ আক্রমণে ওঠার চেষ্টা করে। মাহী খান ও অ্যাডাম আব্বাস ব্যবধান কমানোর সুযোগ তৈরির চেষ্টা করলেও ভারতের রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো ম্যাচের শেষদিকে আবারও রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় ভারত। বদলি খেলোয়াড় মো. আরবাশ বক্সের ভেতর থেকে গোল করে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন।এর আগে বাছাইপর্বে উজবেকিস্তানের কাছে ২-০ এবং সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচেই কোনো জয় না পেয়ে হতাশাজনকভাবে শেষ হলো যুবাদের এশিয়ান কাপ বাছাইপর্বের মিশন।অন্যদিকে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে অভিযান শুরু করা ভারত স্বাগতিক উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিল। তবে শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠার দৌড়ে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রেখেছে তারা।

ভারতের কাছে তিন গোলের হার, ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বাংলাদেশের