ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উলটে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার রাতে শিবগঞ্জের চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাবুবাজার এলাকার আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হাকিম।নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুর এবং আরও ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য জেলার সোনাইচন্ডী হাটে গিয়েছিলেন। সেখান থেকে গরু কিনে ফেরার পথে শিবগঞ্জের পুসকুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উলটে যায়।এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর একজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে তারা জানতে পারেন। দুর্ঘটনায় আহত একজনের অবস্থা গুরুতর ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।তিনি আরও জানান, গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩