ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী
ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই এলাকার বাসিন্দা এবং স্বাধীন বাংলাদেশের সমঅধিকারপ্রাপ্ত নাগরিক উল্লেখ করে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে মিলেমিশে বসবাসের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিটি এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন, সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং ব্যক্তিগত ও সরকারি তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপ ও মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান হস্তান্তর করেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশে বলেন, “আজ আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই আমি এই দায়িত্বে এসে দাঁড়িয়েছি। আপনারা সবসময় পাশে ছিলেন বলেই আমার এই অবস্থান। আমি আজীবন আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যেন সততার সঙ্গে সবার কল্যাণে কাজ করে যেতে পারি।”মন্ত্রী এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সামগ্রিক সুরক্ষা ও কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের মূল চালিকাশক্তি হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ। পরিদর্শনকালে স্থানীয় আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে মন্দিরের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হলে মন্ত্রী তা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস দেন।খাদ্যমন্ত্রী যেসব মণ্ডপ পরিদর্শন করেন তার মধ্যে রয়েছে নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির।পরিদর্শনকালে জেলা বিএনপি নেতা নুর তাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।