ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে অনিয়ম কিংবা চাঁদাবাজি হলে জড়িতদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সুবিধাভোগীদের তালিকা তৈরিতে স্বজনপ্রীতি পরিহার করে ঘরহীন ও অসচ্ছল মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।রোববার বিকেল ৩টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ডেপুটি স্পিকার।কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর একটি বড় প্রকল্প। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এটি বাস্তবায়ন করা হচ্ছে। এই কার্যক্রমে কেউ যেন অনিয়ম করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।কলমাকান্দায় সুবিধাভোগীদের তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরুর সময় কলমাকান্দাকেও কার্যক্রমের জন্য বেছে নেওয়া হয়েছিল। তবে তালিকা তৈরির দায়িত্বে থাকা ব্যক্তিরা যথাযথভাবে কাজ করেননি বলে অভিযোগ করেন তিনি।ডেপুটি স্পিকার বলেন, যাঁদের ঘর নেই কিংবা যাঁরা ছাপড়া ঘরে বসবাস করেন, তাঁদের দিয়ে আগে কার্যক্রম শুরু করা প্রয়োজন। অথচ তথ্য সংগ্রহকারীরা তুলনামূলক ভালো অবস্থায় থাকা মানুষের বাড়িতে গিয়ে চা-নাশতা খেয়ে তাঁদের নাম আগে তালিকাভুক্ত করেছেন বলে অভিযোগ তোলেন তিনি।দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বজনপ্রীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, অনিয়ম করলে কাউকে রেহাই দেওয়া হবে না। অতীতে বিএনপির নেতাকর্মীরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং কারও নাম তালিকায় থাকলেও অন্যরা সেই টাকা নিয়েছেন বলেও দাবি করেন তিনি।চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘কেউ চাঁদাবাজি করলে দয়া করে দল থেকে চলে যান। কাউকে রেহাই দেওয়া হবে না।’ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন ডেপুটি স্পিকার। অনিয়মের তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা তাঁকে সরাসরি জানানোর আহ্বান জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনযাত্রার বিভিন্ন সংকট নিয়েও কথা বলেন কায়সার কামাল। তিনি জানান, তাঁদের পানীয় জল, যোগাযোগব্যবস্থা ও পড়াশোনার সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করেছেন।ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে অপরাধের প্রবণতা কম বলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, তাঁদের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন। তাঁদের জন্য সহায়তার তালিকা তৈরিতেও কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানান তিনি।সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়াসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মতবিনিময় শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, অন্যান্য শিক্ষার্থী এবং বজ্রপাতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা