সালমান মুক্তাদিরকে ‘মিথ্যাবাদী রাখাল বালক’ বললেন ঢাবি ছাত্রদল নেতা
দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে ‘মিথ্যাবাদী রাখাল বালক’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সম্প্রতি বিভিন্ন ঘটনা নিয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যকে মনগড়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন আবিদুল ইসলাম খান।ভিডিওতে আবিদুল ইসলাম খান বলেন, ‘আমাদের এই শহরে, এই নগরীতে একজন মিথ্যাবাদী রাখাল বালকের আবির্ভাব ঘটেছে। যিনি সর্বপ্রথম মিথ্যা বলেছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় আগুনকে কেন্দ্র করে। তখনও তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ব্লেমিং করার চেষ্টা করেছিলেন। পরে পুলিশের তদন্তে সেটা মিথ্যা প্রমাণিত হয়।’আবিদুল ইসলাম খান আরও বলেন, ‘তিনি দ্বিতীয়বার মিথ্যা বলেছিলেন ধর্ষণের মতো একটা সেনসিটিভ কেস নিয়ে। উনি নিজের মনগড়া মতামত দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে ডিএনএ টেস্টে তার কথা আবারও মিথ্যা প্রমাণিত।’তৃতীয় অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃতীয়বার তিনি মিথ্যে বলেছেন জামায়াত এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট ভূমিদস্যু নেতাদের অভ্যন্তরীণ কোন্দল এবং সংঘর্ষকে বিএনপির চাঁদাবাজি হিসেবে ট্যাগ দিয়ে তৃতীয়বারের মতো মিথ্যাবাদী হিসেবে জাতির কাছে প্রমাণিত হয়েছেন।’ছাত্রদলের হয়ে ডাকসু ভিপি পদে ভোট করা আবিদুল ইসলাম খান এরপর ইসিবি চত্বরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, ‘সেদিন ইসিবি চত্বরে মূলত কী ঘটেছিল?’আবিদুল ইসলাম খানের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় দুটি পক্ষ ছিল। এক পক্ষের নেতা ছিলেন জামায়াতের রোকন নাজিমুদ্দিন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিনের সঙ্গে সখ্য গড়ে নাজিমুদ্দিন বিভিন্ন ধরনের সম্পত্তি অবৈধভাবে দখল করেছেন এবং সম্পত্তি বাড়িয়েছেন।অপর পক্ষের বিষয়ে আবিদ বলেন, সেখানে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন আহমেদ। তাঁর দাবি, মহিউদ্দিন আহমেদ যুবলীগ নেতা নিখিলের সঙ্গে সখ্য বাড়িয়ে তাঁর কার্যক্রম চালিয়ে গেছেন। আবিদের ভাষ্য, বর্তমানে তিনি জামায়াত নেতা হিসেবে পরিচিত।তবে নাজিমুদ্দিন ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে করা এসব অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য ওই বক্তব্যে দেওয়া হয়নি।সালমান মুক্তাদিরের উদ্দেশে আবিদুল ইসলাম খান আরও বলেন, ‘জুলাই মাঠে নামার কারণে আপনাকে যে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা দিয়েছিল বাংলাদেশের মানুষ, আপনি সে বিশ্বাসকে নষ্ট করেছেন। সেখানেও আপনি গ্রহণযোগ্যতা হারিয়েছেন।’তিনি বলেন, ‘সুতরাং আগামীবার চতুর্থবার আপনি যাই বলবেন, খুব সতর্কতার সঙ্গে বলবেন। নতুবা ওই মিথ্যা রাখাল বালকের মতো যে বাস্তবতা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি সেটার জন্য প্রস্তুত আছেন তো সালমান মুকতাদির?’আবিদুল ইসলাম খানের এসব বক্তব্যের বিষয়ে সালমান মুক্তাদিরের কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য ওই সূত্রে উল্লেখ করা হয়নি।