ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

চার দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় দ্বিতীয় দফায়ও জামিন পাননি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। চার দিনের দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড শেষে আজ গাজী নজরুল ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।অন্যদিকে, গাজী নজরুল ইসলামের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গত ২০ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তার আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপোন হোসেন।এর আগে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনে এমপি নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম এবং নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।মামলার এজাহারে বলা হয়, গত জুনে মরিয়মের শ্যালক ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’ সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে বাদীর বড় মেয়ে মরিয়মের (১৯) বিয়ে হয়।বিয়ের পর মরিয়ম ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে থাকতেন। এজাহার অনুযায়ী, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তার পরিবারকে জানিয়েছিলেন।মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল ইসলাম মোবাইল ফোনে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহকে দ্রুত বাসায় যেতে বলেন। পরে সেখানে গিয়ে তিনি তার মেয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।লাশ উদ্ধারের সময় মরিয়মের বিছানার ওপর তার লেখা একটি ‘সুইসাইড নোট’ দেখতে পান বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

চার দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল