সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সৌদির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পাকিস্তান পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদের সঙ্গে বৈঠকে এ অবস্থান জানান শেহবাজ শরিফ।
বৈঠকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন নওমান মাহমুদ।
শেহবাজ শরিফ বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দেশটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চুক্তির অধীনে পাকিস্তানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক শান্তি, ঐক্য ও স্থিতিশীলতার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তার মতে, এই যৌথ প্রতিরক্ষা কাঠামো শুধু পাকিস্তান ও সৌদি আরবের সহযোগিতা বাড়াবে না, বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারে।
বৈঠকে নওমান মাহমুদ অংশীদার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সমন্বয় জোরদার এবং কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন। জোটটির প্রথম মহাসচিবের দায়িত্ব নেওয়ায় তাকে শুভকামনাও জানান শেহবাজ শরিফ।
এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও বৈঠক করেন নওমান মাহমুদ। ওই বৈঠকে জারদারিও আঞ্চলিক শান্তি ও প্রতিরক্ষা সহযোগিতার প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ধারাবাহিক এসব বৈঠকে সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার এবং মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট হয়েছে।