ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ইয়ানডেক্সের ভ্লাদিমির অঞ্চলের একটি ডেটা সেন্টারের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
রোববার (১১ অক্টোবর) হামলার পর ডেটা সেন্টারটি বন্ধের কথা জানিয়েছে ইয়ানডেক্স। প্রতিষ্ঠানটি বলেছে, ঘটনায় কেউ আহত হয়নি। তবে কয়েকটি সেবা ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে অপ্রাপ্য হয়ে পড়েছে।
ইয়ানডেক্সের জরুরি বার্তায় বলা হয়েছে, ডেটা সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। জরুরি ব্যবস্থায় সীমিত কার্যক্রম চালানোর পাশাপাশি ব্যবহারকারীদের বিকল্প দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা সক্রিয় করার পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি মূল্যায়নে জরুরি সেবা ও প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন।
এটি গত কয়েক দিনের মধ্যে ইয়ানডেক্সের কোনো ডেটা সেন্টারে তৃতীয় বড় হামলা। এর আগে ৮ অক্টোবর রিয়াজান অঞ্চলের সাসোভোতে ইয়ানডেক্সের একটি ডেটা হাব হামলায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওই স্থাপনায় কোম্পানির এআই মডেল তৈরিতে ব্যবহৃত তিনটি সুপারকম্পিউটারের মধ্যে দুটি রয়েছে।
পরদিন কালুগা অঞ্চলে ইয়ানডেক্সের আরেকটি ডেটা সেন্টারে ড্রোন হামলা হয়। এতে স্থাপনাটির কিছু অবকাঠামো অকার্যকর হয়ে পড়ে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের ডেটা সেন্টার ও ডিজিটাল অবকাঠামোয় হামলা চালানোর পর ইউক্রেনও পাল্টা ব্যবস্থা নিচ্ছে। তবে ভ্লাদিমিরের সর্বশেষ হামলার দায় ইউক্রেন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে কি না, তা স্পষ্ট নয়।
সাম্প্রতিক ঘটনাগুলোতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সামরিক ও জ্বালানি স্থাপনার পাশাপাশি ডেটা সেন্টার, টেলিযোগাযোগ ও অন্যান্য প্রযুক্তিগত অবকাঠামোও নতুন করে সংঘাতের লক্ষ্যবস্তু হয়ে উঠছে।
সূত্র: আল জাজিরা