ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তানীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা ক্যালাস। ফোনালাপে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি, আঞ্চলিক উত্তেজনা এবং রাশিয়াকে ইরানের কথিত সামরিক সহায়তা নিয়ে আলোচনা হয়।
বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যালাস বলেন, উপসাগরীয় অঞ্চলে সামরিক সংঘাতের সাময়িক বিরতি মধ্যস্থতাকারীদের কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার সুযোগ দিয়েছে।
তার মতে, এ সুযোগ কাজে লাগিয়ে পূর্ণমাত্রার যুদ্ধ এড়ানোর চেষ্টা করা প্রয়োজন।
ফোনালাপে তেহরানে ফরাসি দূতাবাসের দুই কর্মীকে সাময়িকভাবে আটক ও জিজ্ঞাসাবাদের ঘটনাও উত্থাপন করেন ক্যালাস। ঘটনাটিকে তিনি অগ্রহণযোগ্য ও আগ্রাসনমূলক আচরণ হিসেবে উল্লেখ করেন।
ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ, ওই দুই কর্মীকে আটক করার পাশাপাশি একজনকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছিল। তবে ইরানের দাবি, তাদের কার্যক্রম ছিল অস্বাভাবিক ও কূটনৈতিক আচরণের সঙ্গে অসংগতিপূর্ণ।
ক্যালাস আরও জানান, রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তিনি।
কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার পর উত্তেজনা কমাতে আরাঘচি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার মধ্যে যোগাযোগের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান।
সূত্র: আল জাজিরা