হতাশার মাঝেও ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির খবর হয়ে ফিরলেন নেইমার জুনিয়র। চোট কাটিয়ে মাঠে ফেরার পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অনুশীলনে নেমেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের সঙ্গে প্রথমবারের মতো মাঠে অনুশীলন করেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। তবে শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, সংবাদমাধ্যমের জন্য বন্ধ রাখা অনুশীলনে নেইমার মাঠে শারীরিক অনুশীলন করেছেন। পাশাপাশি কিছু সময় বল নিয়েও কাজ করেছেন তিনি। তবে এখনো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি এই ফরোয়ার্ড।
তিনি কবে পুরোপুরি ফিট হয়ে দলের অনুশীলনে ফিরবেন বা বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য প্রস্তুত হবেন, তা এখনো নিশ্চিত নয়। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ব্রাজিল তাই নেইমারকে নিয়ে অপেক্ষায় আছে।
মঙ্গলবারের অনুশীলনকে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ার বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে নিউ জার্সিতে দলের অনুশীলন কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে ইনডোর সেশন করছিলেন তিনি।
গত মাসে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পান নেইমার। সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠার চেষ্টা করছেন ব্রাজিলের এই তারকা।
সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক চোটে ভুগেছেন নেইমার। দীর্ঘ সময় জাতীয় দলের জার্সিতেও মাঠে দেখা যায়নি তাকে। তাই অনুশীলনে তার ফেরা ব্রাজিল সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
তবে জাতীয় দলের ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, কোচিং স্টাফ নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। তার পুনর্বাসন প্রক্রিয়ায় তাড়াহুড়ো না করে ধাপে ধাপে এগোতেই আগ্রহী ব্রাজিল দল।
সূত্র: সিবিএফ