প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল তরুণের
স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা। তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, লালদীঘির পাড় এলাকায় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন রামহরি। এ সময় অসাবধানতাবশত তিনি জানালার পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। মঙ্গলবার মরদেহের সৎকার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড