প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
সমঝোতা স্মারক মানতে হলে লেবাননে দখলদারিত্ব শেষ করতে হবে: আরাগচি
||
লেবাননের ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব অব্যাহত থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ইরান ও লেবানন ইস্যুতে যুদ্ধের অবসান একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বলেও জানান তিনি।মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।আরাগচি বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব অব্যাহত থাকলে তেহরান তা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে দেখবে।তিনি আরও বলেন, এখন থেকে লেবাননের ওপর ইসরাইলের কোনো হামলাই গ্রহণযোগ্য হবে না।আরাগচির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে শুধু ইরান-সংক্রান্ত উত্তেজনা নয়, লেবাননকে ঘিরে চলমান সংঘাত ও দখলদারিত্বের বিষয়টিও সমাধান করতে হবে বলে মনে করছে তেহরান।এদিকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির ঘোষণা এলেও লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে, ততদিন ইসরাইলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে।একই সঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরাইলি বাহিনী সরিয়ে নেওয়া হবে না বলে জানান নেতানিয়াহু।সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় ৫৭০ বর্গকিলোমিটার এলাকায় ইসরাইলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে।ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সংঘাতে ইতোমধ্যে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।নেতানিয়াহু বলেন, ‘যতদিন প্রয়োজন হবে, ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব।’সূত্র: আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড